নেত্রকোণাঃ বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত কুমার সাহা (৭৩) আর নেই। আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে নেত্রকোণা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শহরের অজহর রোডের বাসিন্দা ছিলেন রঞ্জিত কুমার সাহা। তিনি স্বর্গীয় ইন্দ্রমোহন সাহার ছেলে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাকে শেষবারের মত দেখতে ধর্মীয়সহ বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ বাসায় ভীড় জমান।
রঞ্জিত কুমার সাহার ছোট ভাই তপন কুমার সাহা জানান, শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করলে বাসাতেই প্রাথমিক চিকিৎসা নেন রঞ্জিত সাহা। পরে শনিবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে জেলা শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকেল ৫টায় নেত্রকোণা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
তপন কুমার সাহা আরও জানান, রঞ্জিত কুমার সাহা পূর্বধলার হাজী জিয়াউর রহমান ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি পারিবারিক ব্যবসাও দেখাশোনা করতেন। ধর্মপ্রাণ ও মানবিক এই ব্যক্তিত্ব শহরের নরসিংহ জিউর আখড়া এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নেত্রকোনা প্রতিনিধি
বাংলাদেশদর্পন.কম