জুলাই গণঅভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র-জনতা পাবে আইনি সুরক্ষা। এছাড়া এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানমঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।