প্রান্ত বিশ্বাস, ঝিনাইদহ প্রতিনিধি :


বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অতর্কিত সাম্প্রদায়িক দাঙ্গা ও ঝিনাইদহ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, শ্রী কনক কান্তি দাসের বাড়ি ভাংচুর,অগ্নিসংযোগ  ও সনাতনী ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ১০-০১-২০২৫ ঝিনাইদহ জেলা শহরে পায়রা চত্বরে অনুষ্ঠিত এ প্রতিবাদ কর্মসূচিতে জেলার সকল পর্যায়ের সনাতনী সংগঠন ও ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির আয়োজনে ছিল বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা ও এর সকল অঙ্গসংগঠন।


এছাড়াও সমাবেশে উপস্থিত ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিনাইদহ জেলা শাখা, বাংলাদেশ ছাত্র পরিষদ ঝিনাইদহ জেলা শাখা ও সদর উপজেলা শাখা,কালীগঞ্জ উপজেলা শাখা,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখা, বাংলাদেশ হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া মিশন ঝিনাইদহ জেলা শাখা সহ বিভিন্ন সনাতনী সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।


সমাবেশে বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার হামলা ও সহিংসতা উদ্বেগজনক। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে সকল ধর্ম-বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।