ঢাকা: বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দ্বিতীয় বৃহত্তম বেসরকারি অনার্স ও মাস্টার্স কলেজ হাবীবুল্লাহ্ বাহার কলেজ প্রাঙ্গণে বাণী বন্দনা–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকেই শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। জ্ঞান, বিদ্যা, সুর ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আবির্ভাব তিথি শ্রীপঞ্চমী উপলক্ষে পূজা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ, পারস্পরিক কুশল বিনিময়, আন্তরিক আপ্যায়ন এবং শিশুদের হাতেখড়িসহ নানা আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের নিজ হাতে নির্মিত নান্দনিক নকশার মণ্ডপ, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং কলেজ প্রশাসনের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। কলেজের প্রাক্তন শিক্ষক শ্রী নিমাই চক্রবর্তী বাণী অর্চনার পৌরহিত্যের দায়িত্ব পালন করেন।
শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সাহা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট মনোবিজ্ঞানী নিত্যানন্দ গাইন বলেন, “সরস্বতী পূজা শিল্প ও সংস্কৃতির সাধনাকে উৎসবমুখর রূপ দেয়, সৃজনশীল মনন গড়ে তোলে এবং মানবিক ও নান্দনিক মূল্যবোধ বিকাশে অনন্য ভূমিকা পালন করে।”
কলেজের প্রশাসনিক কোঅর্ডিনেটর জনাব মোঃ ফেরদৌস হাসান, শিক্ষক প্রতিনিধি জনাব মুন্নি আক্তার, সাংস্কৃতিক কমিটির আহবায়ক জনাব ড. মোহাম্মদ এমদাদুল ইসলাম উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব কর্ণেল ইমরুল কায়েস (অব:)।
স্টাফ করেসপন্ডেন্ট, বাংলাদেশ দর্পণ